উপন্যাস: তুমি প্রথম তুমি শেষ পর্ব — তেরোআফছানা খানম অথৈপারুর এক শিক্ষক—রাজু মাস্টার। তিনি অবিবাহিত। পারুকে তিনি পছন্দ করেন, ভালোবাসেনও। পারুর প্রতি তাঁর আলাদা এক ধরনের টান রয়েছে। মেয়েটির পড়াশোনা, চলাফেরা, মন-মেজাজ—সবকিছুর প্রতিই তাঁর গভীর খেয়াল।কিন্তু এতদিনেও নিজের মনের কথাটা পারুকে বলতে পারেননি।এই না-পারা তাঁকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে।একদিন ভরদুপুরে পারু বিষণ্ন মুখে ক্লাস থেকে বের হচ্ছিল। হঠাৎ রাজু মাস্টারের চোখে পড়ল তার মুখটা।তিনি কাছে এসে বললেন,--- পারু, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে?পারু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল,--- নো স্যার।রাজু মাস্টার মৃদু হেসে বললেন,--- পারু, তুমি মিথ্যে বলছ। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে তুমি ভীষণ চিন্তিত।পারু কিছুক্ষণ চুপ থেকে বলল,--- ইয়েস স্যার, আপনি ঠিক বলেছেন। আজ একটা হিসাববিজ্ঞানের অঙ্ক করতে গিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। অঙ্কটা অনেক জটিল ছিল তো!স্যারকে কোনোমতে বুঝিয়ে পারু সেখান থেকে চলে গেল।রাজু মাস্টার আজও বলতে পারলেন না তাঁর ভালোবাসার কথা।পারু যতক্ষণ চোখের সামনে ছিল, তিনি পলকহীন চোখে তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটি যখন চোখের আড়াল হয়ে গেল, তখনও তিনি একই জায়গায় দাঁড়িয়ে রইলেন।কথাটা আর বলা হলো না।মনের কথাটা মনের মধ্যেই রয়ে গেল।দেখতে দেখতে যোবেদার বিয়ের দিন—সোমবার—এসে গেল।দুই সই মিলে গিফট কিনে বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলো। যোবেদার ঘরে ঢুকেই তারা দেখল, সে বিছানায় শুয়ে কাঁদছে।পারু হেসে বলল,--- যোবেদা, বিয়ের দিন কেউ কাঁদে?একটু থেমে আবার বলল,--- তাছাড়া শুভদিনে কাঁদতে নেই। অমঙ্গল হবে। তাড়াতাড়ি চোখের পানি মুছে ফ্রেশ হয়ে আয়। তোর এই রুগ্ন চেহারা দেখে বর শেষে হার্টফেল করে বসবে!যোবেদা চোখ মুছতে মুছতে বলল,--- পারু, ইয়ার্কি মারছিস, তাই না? আমার জায়গায় তুই হলে কী করতি?পারু মুখে হাসি এনে বলল,--- কী করতাম মানে? নেচে-গেয়ে, হাসি-গানে সবাইকে মাতিয়ে তুলতাম। বিয়ে বলে কথা!যোবেদা ম্লান হেসে বলল,--- জানিস পারু, এটা তোর মনের কথা না। এটা হলো অভিভাবকদের বোকামির উপহাস।পারু এবার গম্ভীর হয়ে গেল।--- যোবেদা, তুই বল, আমাদেরই বা কী করার আছে? এত করে খালাম্মাকে বোঝালাম। উনি আমাদের কথার কোনো পাত্তাই দিলেন না। বরং একাল-সেকাল নিয়ে কত যুক্তি দেখালেন! শুধু তাই নয়, আমাদের সিরিয়াসভাবে অপমানও করলেন। শেষে এমন সাবধানবাণী শুনিয়ে দিলেন, যাতে আমরা আর কোনো যুক্তি দেখানোর সাহস না পাই।যোবেদা দীর্ঘশ্বাস ফেলে বলল,--- পারু, আমি সবই শুনেছি।--- তাহলে মন খারাপ করে আছিস কেন?যোবেদা কাঁদো কাঁদো গলায় বলল,--- পারু, মন কেউ ইচ্ছে করে খারাপ করে না রে। মন তো এমনি এমনি খারাপ হয়ে যায়।পারু তার পাশে বসে বলল,--- তবুও তোকে শক্ত হতে হবে। সব টেনশন ভুলে নতুন করে সংসার গড়ার মানসিকতা তৈরি করতে হবে।--- চেষ্টা করছি পারু, কিন্তু পারছি না রে।--- তবুও তোকে পারতে হবে। তোর বাবারই বা কী দোষ দেবি? সমাজের অনেক অভিভাবকই এমন। মেয়ের পছন্দ-অপছন্দের কোনো মূল্য নেই তাদের কাছে। একটা প্রতিষ্ঠিত পাত্র পেয়েছে, ব্যস—মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। পাত্রের বয়স কত, মেয়েটা তাকে পছন্দ করে কি না, মানসিকভাবে প্রস্তুত কি না—এসব যেন কোনো বিষয়ই নয়।পারু একটু থেমে আবার বলল,--- কদিন আগের ঘটনাটা দেখলি না? বড়লোক কুদ্দুস চাচার পনেরো বছরের মেয়েটাকেও প্রায় বয়স্ক একজন পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে দিল। শুধু এখানেই শেষ নয়। সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে। মেয়েদের প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও অনেক সময় সেই প্রতিবাদ করার ক্ষমতা থাকে না।যোবেদা মাটির দিকে তাকিয়ে বলল,--- ইয়ং বয়সে সবাই রাজকুমার নিয়ে স্বপ্ন দেখে। অথচ বিয়ের পর অনেকের ভাগ্যে জোটে বয়সে অনেক বড় একজন মানুষ।এবার মুক্তা বলল,--- পারু, তোর যুক্তি আলবৎ সত্যি। কী বলিস, যোবেদা?যোবেদা দীর্ঘশ্বাস ফেলে বলল,--- পারু, আমাকে আর কত যুক্তি দেখাবি? তোর মতো আমি যুক্তিবাদী বা শ্রেষ্ঠ বক্তা নই, সেটা ঠিক। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে সামান্য হলেও কিছু জ্ঞান অর্জন করেছি।তার চোখে পানি জমে উঠল।--- যে বুকে জন্মের পর থেকে মা-বাবার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা ছিল, আজ সেই বুকেই তাদের প্রতি প্রচণ্ড অভিমান আর ঘৃণা জন্মেছে। ভাবলে শিউরে উঠি—আমার মা-বাবা কীভাবে শুধু টাকার লোভে আমাকে এমন একজন মানুষের সঙ্গে বিয়ে দিতে পারল, যার বয়স পঁয়তাল্লিশ পেরিয়েছে!পারু চুপ করে শুনছিল।যোবেদা আবার বলল,--- এত বড় বয়সের ব্যবধান! চিকিৎসাবিজ্ঞানের দিক থেকেও মেয়েদের অল্প বয়সে বিয়ে ও মাতৃত্ব ঝুঁকিপূর্ণ। অথচ আমাদের সমাজে এসব নিয়ে ভাবার সময় কারও নেই। মেয়েটা মানুষ—তার নিজের একটা জীবন আছে—এ কথাটাই যেন সবাই ভুলে যায়।মুক্তা হেসে বলল,--- যোবেদা, তুইও তো দেখছি পারুর মতো যুক্তিবাদী হয়ে উঠেছিস! শুধু আমি বোকা রয়ে গেলাম রে।পারু এবার বলল,--- যোবেদা, তোর কথাটা একদম ঠিক। বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষা করে কথা বলে। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ তা মানতে চায় কই? তাদের কাছে মেয়েদের বয়স, মতামত, স্বপ্ন—সবকিছুর চেয়ে সামাজিক রীতি আর নিজেদের সিদ্ধান্তই বড়।সে একটু থেমে বলল,--- আর অন্যায়ের বিচারেও দ্বিমুখী আচরণ আছে। পুরুষ কোনো অনিয়ম করলে অনেক সময় সেটাকে ‘ছেলেমানুষি’ বলে এড়িয়ে যাওয়া হয়। অথচ মেয়েদের সামান্য ভুলেও বিচার, সালিশ, অপমান—কত কিছুই না হয়!মুক্তা বলল,--- তাহলে কি এসব অন্যায় মেনে নিয়েই চলতে হবে?পারু দৃঢ় কণ্ঠে বলল,--- না। অন্যায় মেনে নেওয়া উচিত নয়। প্রতিবাদ করতে হবে। তবে প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনকেও বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। পরিবর্তন একদিনে আসে না। আইন থাকলেই সব অন্যায় বন্ধ হয়ে যায় না; আইনের যথাযথ প্রয়োগও দরকার।যোবেদা মুগ্ধ হয়ে পারুর দিকে তাকিয়ে রইল।--- পারু, তোর যুক্তির কাছে হার মানলাম। বিয়ে নিয়ে সত্যি আর কোনো বাড়াবাড়ি করব না।একটু পর সে আবার বলল,--- তোকে আর একটা কথা জিজ্ঞেস করি?--- বল, কী কথা?--- তোর মতে এ ধরনের বিয়ে কেমন?পারু কিছুক্ষণ চুপ থেকে বলল,--- আমার মতে, বিয়ে মানে শুধু সামাজিক আনুষ্ঠানিকতা নয়। দুজন মানুষের সম্মতি, বোঝাপড়া আর নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু মেয়েকে কারও হাতে তুলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তার ভবিষ্যৎ, মতামত আর নিরাপত্তার কথাও ভাবতে হয়।যোবেদা দীর্ঘশ্বাস ফেলে বলল,--- সত্যি রে পারু, তুই ঠিকই বলেছিস। দোয়া করি আল্লাহ তোকে অনেক বড় বিদ্বান বানাক। তবে আমাদের মতো ভাগ্য যেন তোর না হয়।পারু মলিন হাসল।--- আমার কপাল তোদের চেয়েও খারাপ হবে।মুক্তা অবাক হয়ে বলল,--- কী করে বুঝলি?পারু হেসে বলল,--- প্রায়ই দেখি, বুদ্ধিমান আর প্রতিবাদী মেয়েদের ভাগ্যে কখনো কখনো এমন স্বামী জোটে, যার সঙ্গে তাদের মানসিকতার কোনো মিল থাকে না।তারপর পরিবেশটা হালকা করার জন্য বলল,--- বাদ দে এসব প্রসঙ্গ। মনটাকে ফুরফুরে কর। মনের সব কালো মেঘ দূর করে দে। অন্দরমহল থেকে জরুরি কল এসেছে—তোকে গায়ে হলুদের জন্য রেডি করতে হবে!ঠিক তখনই যোবেদার মা হাঁফাতে হাঁফাতে ঘরে এসে বললেন,--- পারু, মুক্তা, তোমরা এখানে?পারু উঠে দাঁড়িয়ে বলল,--- কিছু বলবেন, খালাম্মা?--- হ্যাঁ। তোমরা যোবেদাকে নিয়ে খেতে এসো। এমনিতেই মেয়েটা না খেয়ে আছে।--- জি খালাম্মা। আপনি যান, আমরা আসছি।তিন সই একসঙ্গে খেতে বসল।পারু আর মুক্তা মনোযোগ দিয়ে খাচ্ছিল। কিন্তু যোবেদা খাবারের টেবিলে বসেও কাঁদছিল। কাঁদতে কাঁদতে তার চোখ দুটো লাল হয়ে গেছে। তবুও যেন কান্না থামছে না।কোনোমতে খাওয়া শেষ করল সে।এরপর হাসি-তামাশার মধ্য দিয়ে গায়ে হলুদের পর্ব শেষ হলো।এবার শুধু বরের অপেক্ষা।যথাসময়ে বর এল।বরকে দেখে কেউ কেউ মুখ টিপে হাসল। কেউ আবার ব্যঙ্গ করে মন্তব্য করল,--- মান্নান মিয়া টাকার লোভে সতেরো বছরের সুন্দরী মেয়েটাকে এমন বয়সী একজনের সঙ্গে বিয়ে দিল! কপাল বটে!আরেকজন হেসে বলল,--- বইপুস্তকে পড়েছি, সৎ ও শিক্ষিত তরুণ পাত্রের সঙ্গে কন্যাদান। এখন দেখলাম—বয়সী পাত্রের সঙ্গে কুমারী কন্যাদান!কয়েকজন হেসে উঠল।কিন্তু সেই হাসির আড়ালে যে মেয়েটির জীবন নিয়ে সিদ্ধান্ত হয়ে গেল, তার কান্নার শব্দ কারও কানে পৌঁছাল না।বিয়ের আনুষ্ঠানিকতা, বরভোজ,সব শেষ হলো।বরের সঙ্গে আসা কয়েকজন মহিলা যোবেদাকে সাজিয়ে-গুছিয়ে বর-কনের দেখাদেখির পর্ব শেষ করলেন।তাদের একজন বললেন,--- ফাহিম খুব ভালো বউ পেয়েছে। লম্বা, সুন্দর, সুশ্রী,ছেলেটা সত্যিই ভাগ্যবান।যোবেদা তখন শুধু নির্বাক।তার চোখে কেবল পানি।মা-বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় সে হাউমাউ করে কাঁদতে লাগল। এরপর দুই সইকে জড়িয়ে ধরে কাঁদল।পারু আর মুক্তার চোখেও পানি এসে গেল।অনেক কষ্টে তারা যোবেদাকে গাড়িতে তুলে দিল।বর-কনেকে নিয়ে গাড়ি ধীরে ধীরে দূরে চলে গেল।পারু ও মুক্তা যোবেদার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো।তখনো সূর্য পুরোপুরি অস্ত যায়নি। পশ্চিম আকাশে সোনালি আর লাল আভা ছড়িয়ে পড়েছে।তারা দ্রুত পায়ে হাঁটতে লাগল, যাতে সূর্য ডোবার আগেই বাড়ি ফিরতে পারে।কিছুদূর যাওয়ার পর মুক্তার বাড়ি এসে গেল।পারুকে বিদায় জানিয়ে মুক্তা বাড়ির ভেতরে ঢুকে গেল।পারু একাই সামনে এগিয়ে চলল।আগ-পিছ না তাকিয়ে দ্রুত হাঁটছে সে।কিন্তু সে জানত না, তার পেছনে আরেক জোড়া চোখও তাকে অনুসরণ করছে।মাতব্বরের নষ্ট ছেলে হারুনের কুদৃষ্টি অনেক দিন ধরেই পারুর ওপর।পারু কোথায় যায়, কখন কলেজে যায়, কার সঙ্গে মেশে—সব খবরই সে রাখে।যোবেদার সবচেয়ে কাছের বান্ধবী পারু—এটাও সে জানে।আজ যোবেদার বিয়ের অনুষ্ঠানে হারুনও গিয়েছিল।পারু বাড়ির উদ্দেশে বের হওয়ার কিছুক্ষণ আগেই সে সেখান থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ছিল।পারু কিছুই বুঝতে পারেনি।ঝোপের পাশের নির্জন রাস্তা দিয়ে সে হেঁটে আসছিল।হারুন অপেক্ষা করছিল সেই মুহূর্তটির জন্য।পারু কাছাকাছি আসতেই হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে তার সামনে পথ আটকে দাঁড়াল।পারুর বুক ধড়ফড় করে উঠল।সমস্ত শরীর ভয়ে কাঁপতে লাগল।তবুও সাহস সঞ্চয় করে সে হারুনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল।ঠিক তখনই হারুন লাল চোখে তাকিয়ে বলল,--- পারু, দাঁড়াও!পারু থমকে দাঁড়াল।হারুন কুৎসিত হাসি দিয়ে বলল,--- তোর লগে আমার কথা আছে।পারু নরম গলায় বলল,--- প্লিজ হারুন ভাই, দেরি হয়ে যাচ্ছে। আজ না, অন্যদিন কথা বলবেন।--- অন্যদিন ক্যান? এক্ষণই শুনতে অইব!পারু এবার কিছুটা সাহস নিয়ে বলল,--- আচ্ছা ভাইয়া, কী বলবেন বলেন?হারুন এগিয়ে এসে বলল,--- পারু, তুই আমার লগে চল।--- কোথায় যাব?--- আমি যেখানে নিয়া যামু, সেখানে।পারু এবার কঠোর কণ্ঠে বলল,--- না। কখনোই আমি আপনার সঙ্গে যাব না।হারুন দাঁত বের করে হেসে উঠল।--- কইলে অইল? তোকে যাইতে অইব। এই পর্যন্ত যত সুন্দরী মাইয়া আমার চোখে পড়ছে, কাউরে হাতছাড়া করি নাই। আজ তোকে হাতছাড়া করমু—এইডা কেমনে অয়, সুন্দরী?তার ভয়ংকর হাসি চারপাশের নীরবতাকে আরও ভয়ংকর করে তুলল।হঠাৎ সে পারুর হাত শক্ত করে চেপে ধরল।পারু নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল,--- হেল্প! হেল্প! কে কোথায় আছেন? আমাকে এই নষ্ট হারুনের হাত থেকে বাঁচান! বাঁচান!একবার নয়, বারবার চিৎকার করতে লাগল সে।কিছুটা দূরেই একটি দোকান আর মসজিদ।মাগরিবের নামাজের সময় হয়ে আসায় কয়েকজন মানুষ দোকানে এসে বসেছিল। এখনো আজান হয়নি।হঠাৎ সেই করুণ মেয়েলি কণ্ঠস্বর তাদের কানে এসে পৌঁছাল।আরমান মাস্টারসহ কয়েকজন লোক দ্রুত সেদিকে ছুটে গেল।গিয়ে তারা দেখল—হারুন পারুর হাত ধরে টানাটানি করছে।আরমান মাস্টার গর্জে উঠলেন,--- তোমরা দাঁড়িয়ে আছ কেন? ওকে ধরে ফেলো! থানায় দিয়ে দেব!কিন্তু হারুন মাতব্বরের ছেলে।তার বাবার ভয়ে কেউ সাহস করে প্রথমে এগিয়ে আসছিল না।এই সুযোগে হারুন নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল।মাগরিবের নামাজ শেষ হওয়ার পর আরমান মাস্টারসহ কয়েকজন লোক মাতব্বরের বাড়িতে গেলেন।মাতব্বর ও তার ছেলে এলাকায় নানা অপকর্মের জন্য আগে থেকেই পরিচিত। নামাজ-রোজার ধার ধারেন না। মাগরিবের সময়ও তারা মসজিদে না গিয়ে বাড়িতেই বসে ছিল।একসঙ্গে এত মানুষকে দেখে মাতব্বর অবাক হয়ে বলল,--- কী মিয়ারা, তোমরা সবাই এক লগে আমার বাড়িতে? কী মনে কইরা?ভয়ে প্রথমে কেউ মুখ খুলল না।শেষ পর্যন্ত আরমান মাস্টার সাহস করে বললেন,--- মাতব্বর সাহেব, আমরা আপনার ছেলে হারুনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি।মাতব্বর চমকে উঠে বলল,--- কী? আমার পোলার বিরুদ্ধে নালিশ? তয় দেরি করতাছেন ক্যান? তাড়াতাড়ি কও!অনুমতি পেয়েই আরমান মাস্টার হারুনের কুকীর্তির কথা খুলে বললেন।সব শুনে মাতব্বরের মুখে ফুটে উঠল কুৎসিত হাসি।--- ও, হেই কথা! আমি ভাবলাম অন্য কিছু!আরমান মাস্টার ক্ষুব্ধ হয়ে বললেন,--- মাতব্বর সাহেব, আপনি যাই বলেন না কেন, এবার হারুনের নষ্টামির বিচার করতেই হবে।মাতব্বর হেসে বলল,--- আরমান মাস্টার, এইডা নষ্টামি ক্যান? এইডা অইল আনন্দ-ফুর্তি! এই বয়সে একটু আনন্দ-ফুর্তি না করলে কোন বয়সে করব কও?কথাটা শুনে আরমান মাস্টারের চোখ রাগে জ্বলে উঠল।তিনি আর নিজেকে সামলাতে পারলেন না।সবার সামনে মাতব্বরের মুখের ওপর বলে দিলেন,--- ছিঃ, মাতব্বর! ছিঃ! তুমি মানুষ নও, তুমি জানোয়ার! নিজের ছেলের নষ্টামির বিচার না করে তাকে প্রশ্রয় দিচ্ছ? মনে রেখো, সন্তানের অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে সেই অন্যায়ের অংশীদার হওয়া।তিনি আরও কঠোর স্বরে বললেন,--- ইংরেজিতে একটা প্রবাদ আছে—Like father, like son. বাবার চরিত্রের ছাপ যদি সন্তানের ওপর পড়ে, তবে সেটা সমাজের জন্য আরও ভয়ংকর হয়ে ওঠে।এরপর তিনি সবার দিকে তাকিয়ে বললেন,--- চলো, আমরা হারুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। অন্যায়কে আর প্রশ্রয় দেওয়া হবে না।লোকজন আরমান মাস্টারের সঙ্গে বেরিয়ে পড়ল।আরমান মাস্টারের কণ্ঠে তখন একটাই দৃঢ়তা—এইবার অন্যায়ের বিচার হতেই হবে।চলবে...
0 Comments