উপন্যাস: পর্ব বারো তুমি প্রথম তুমি শেষআফছানা খানম অথৈপৌষ ও মাঘ—এই দুই মাস শীতকাল। প্রকৃতির বুকে নেমে এসেছে শীতের আমেজ। হিমেল হাওয়ার পরশে সকালগুলো যেন আরও মায়াবী হয়ে উঠেছে। কুয়াশার চাদর সরিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য।সবাই ব্যস্ত হয়ে উঠেছে শীতের পোশাক নিয়ে। মাঠজুড়ে পেকে ওঠা আমন ধানের শীষ বাতাসে দুলছে। সোনালি ধানের সমারোহে চারপাশের প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। গ্রামবাংলার এই অপরূপ দৃশ্য দেখতে সত্যিই দারুণ লাগছে।শীতের সকালে গাছিরা খেজুরগাছে হাঁড়ি বেঁধে রস সংগ্রহ করছে। সেই মিষ্টি রস দিয়ে তৈরি হচ্ছে নানা রকমের মিঠাই। আর প্রতিটি ঘরে ঘরে শুরু হয়েছে শীতের পিঠাপুলির আয়োজন।আজ খুব সকালে মায়ের হাতের চিতল পিঠা খেয়ে পারু বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশে। প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা আজ।কলেজে পৌঁছাতেই প্রিন্সিপাল স্যার তাকে দেখে ডাকলেন——পারু, এদিকে এসো।পারু এগিয়ে গিয়ে অফিসকক্ষে প্রবেশ করল। প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে বলল——আসসালামু আলাইকুম, স্যার। আমাকে ডেকেছেন?—ওয়ালাইকুম আসসালাম। পারু, বসো।স্যারের অনুমতি পেয়ে পারু চেয়ারে বসে পড়ল।প্রিন্সিপাল স্যার মুচকি হেসে বললেন——পারু, তোমার জন্য একটা সুসংবাদ আছে।পারুর চোখেমুখে কৌতূহল ফুটে উঠল।—জি স্যার, বলুন।—তুমি প্রথম বর্ষের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছ।কথাটা শুনে পারুর চোখেমুখ আনন্দে ঝলমল করে উঠল।—সত্যি স্যার?—হ্যাঁ, পারু। সত্যিই বলছি। তুমি শুধু নিজের নয়, আমাদের কলেজেরও গর্ব। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তোমার বাবাকে কাল একবার কলেজে নিয়ে এসো। তোমার ফলাফল নিয়ে আমরা তাঁর সঙ্গে কথা বলতে চাই।পারু বিনয়ের সঙ্গে বলল——আমার জন্য দোয়া করবেন, স্যার। আমি যেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি।—আমাদের দোয়া সবসময় তোমার সঙ্গে আছে। মন দিয়ে পড়াশোনা করো। জীবনে অনেক দূর যেতে হবে তোমাকে।পারু স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আনন্দে বাড়ির পথে রওনা হলো।বাড়িতে এসে দেখল, মা-বাবা দুজন একসঙ্গে বসে আছেন। তাদের সালাম করে পারু আনন্দের সঙ্গে বলল——বাবা, মা, আমি প্রথম হয়েছি!মুহূর্তেই মা-বাবার মুখ আনন্দে ভরে উঠল। দুজনেই মেয়েকে প্রাণভরে দোয়া করলেন।পারুর মা দুই হাত তুলে বললেন——হে পরওয়ারদিগার! আমার মেয়েটাকে সব দুষ্ট মানুষের কুদৃষ্টি থেকে রক্ষা করুন। ওকে সৎ পথে রাখুন এবং জীবনে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন।আনন্দঘন এই মুহূর্তেই হঠাৎ পারুর মনে পড়ে গেল তার মনের মানুষ নিলয়ের কথা।মুহূর্তেই যেন তার আনন্দের আকাশে কালো মেঘ জমে গেল।সে হারিয়ে গেল কল্পনার ভুবনে।নিলয়কে ঘিরে কাটানো সেই দিনগুলোর স্মৃতি একে একে তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। কত কথা, কত স্বপ্ন, কত প্রতিশ্রুতি! অথচ আজ সেই মানুষটিই কোথায় হারিয়ে গেছে, তার কোনো খবর নেই।পারুর বুকের ভেতর জমে থাকা অভিমান আর কষ্টগুলো আবারও যন্ত্রণায় ছটফট করতে লাগল।মনে মনে সে বলল—নিলয়, তুমি পারলে আমার পবিত্র ভালোবাসাটাকে হত্যা করতে? এত সহজে আমাকে ভুলে যেতে পারলে?এটাই কি তোমার ভালোবাসা ছিল? যদি আমাকে ছেড়ে যাওয়াই তোমার উদ্দেশ্য ছিল, তাহলে আমার সুপ্ত হৃদয়ে ভালোবাসার ফুল ফুটিয়েছিলে কেন? আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন?আমি কী দোষ করেছিলাম তোমার কাছে? তোমাকে কতবার অনুরোধ করেছি, আমার অনুভূতিগুলো নিয়ে খেলো না। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। অথচ আজ আমাকে কাঁদিয়ে সবকিছু ভুলে গেলে!কতদিন হয়ে গেল তোমার কোনো খবর নেই। তুমি কোথায়, নিলয়?তুমি একদিন বলেছিলে—‘পারু, I will love you till my last breath.’তোমার সেই কথায় আমি কতটা বিশ্বাস করেছিলাম, তা তুমি কোনোদিন জানতেও পারবে না। তোমার কথাগুলো শুনে আমার হৃদয় আনন্দে নেচে উঠেছিল। তোমাকে বিশ্বাস করেছিলাম। ভালোবেসেছিলাম।আর আজ তুমি আমার সেই সুকোমল হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে উড়ন্ত পাখির মতো অন্য কোনো ডালে গিয়ে বসেছ!যদি এটাই তোমার উদ্দেশ্য ছিল, তাহলে আমার হৃদয়ে প্রেমের ফুল ফুটিয়েছিলে কেন? ভালোবাসার বন্ধন তৈরি করেছিলে কেন? শুধু একদিন ভুলে যাওয়ার জন্য?পারুর চোখের কোণে পানি জমে উঠল।আমি নিশ্চিত, তুমি আমাকে ভুলে গেছ। হয়তো শহরের কোনো বড়লোক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছ। কিন্তু একটা কথা মনে রেখো—একদিন তোমাকে এই ভুলের মাশুল দিতেই হবে।আমি ভাঙব, কাঁদব, কষ্ট পাব; কিন্তু নিজেকে শেষ করে দেব না। অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আমি কখনো সে পথে যাব না। আত্মহত্যা মহাপাপ।একটি দরজা বন্ধ হয়ে গেলে কী হয়েছে? আল্লাহ নিশ্চয়ই আমার জন্য অন্য কোনো দরজা খুলে দেবেন।এমন সময় বাইরে থেকে যোবেদাদের কাজের বুয়া রহীমার কণ্ঠ ভেসে এল——পারু আপু! পারু আপু!ডাকতে ডাকতে রহীমা ঘরে ঢুকে পড়ল।তাকে দেখে পারু বলল——রহীমা , তুমি? কী মনে করে এলে?রহীমা হাতে থাকা একটি খাম এগিয়ে দিয়ে বলল——যোবেদা আপুর বিয়ের কার্ড লইয়া আইছি। বিয়াতে যাইবেন কিন্তু। নইলে আপা খুব রাগ করবো।পারু কার্ডটি হাতে নিয়ে বলল——আচ্ছা, ঠিক আছে। যাব।রহীমা একটু ইতস্তত করে বলল——আরেকটা কথা কইতাম, আপা।—কী কথা?—খালুজান আর খালাম্মা হেইদিন আপনাগোরে যেই কথাগুলা কইছে, আমি আপারে সব কইয়া দিছি। সব কথা হুননের পর থেইকা আপু খাওন-দাওন বন্ধ কইরা দিছে। কারও লগে ঠিকমতো কথা কয় না।পারু কিছুটা বিরক্ত হয়ে বলল——তুমি আবার এসব বলতে গেলে কেন, রহীমা? যোবেদাকে বলবে, এত টেনশন না করতে। সব ঠিক হয়ে যাবে।—ঠিক আছে আপা, কমুনে। আমি এখন যাই।রহীমা চলে গেল।কিছুক্ষণ পর পারুর মা বাইরের কাজ শেষ করে ঘরে ঢুকলেন। রহীমাকে বের হতে দেখে তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন——পারু, যোবেদাদের কাজের বুয়া রহীমাকে বের হতে দেখলাম। কেন এসেছিল?—মা, যোবেদার বিয়ের কার্ড দিয়ে গেছে।—বিয়ে কবে?—আগামী সোমবার।মেয়ের মুখে যোবেদার বিয়ের কথা শুনে পারুর মায়ের মনটা হঠাৎ আনচান করে উঠল। তিনি আপনমনে বলতে লাগলেন——যোবেদার বিয়ে হয়ে যাচ্ছে। আর আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে। কবে যে ওর একটা হিল্লে হবে, আল্লাহই জানেন!তিনি দীর্ঘশ্বাস ফেললেন।—দিনকালও ভালো না। মেয়েরা একটু বড় হলেই বখাটেদের উৎপাত শুরু হয়। রেডিওতে শুনেছি, এটাকে নাকি ‘ইভটিজিং’ বলে। প্রতিদিন কত মেয়েই না এর শিকার হচ্ছে!কিছুক্ষণ থেমে আবার বললেন——আর এই হারুন! মাতব্বরের ছেলে বলে তো যা খুশি তাই করে বেড়ায়। কত মেয়ের যে সর্বনাশ করেছে, তার কোনো হিসাব নেই। পারুর জন্যই আমার সবচেয়ে বেশি ভয় হয়। কখন যে ওই ছেলেটার কুদৃষ্টি আমার মেয়ের ওপর পড়ে!মায়ের বুক কেঁপে উঠল।—হারুনের কুদৃষ্টি পড়ার আগেই যদি মেয়েটাকে ভালো একটা ঘরে দিতে পারতাম, তাহলে অন্তত শান্তি পেতাম।চিন্তা করতে করতে একসময় তিনি ঘুমিয়ে পড়লেন।যোবেদার বিয়ে হয়ে গেলে সে আর স্কুলে যাবে না। তাই পারু আর মুক্তা দুজনেই ক্লাস শেষে একসঙ্গে বাড়ির পথে হাঁটতে লাগল।কিছুদূর যাওয়ার পর মুক্তা বলল——পারু, যোবেদার বিয়ের কার্ড পেয়েছিস?—হুম, পেয়েছি।—তো কী গিফট দিবি?পারু মুচকি হেসে বলল——আমি তো গরিব মানুষ। বেশি কিছু দেওয়ার সামর্থ্য নেই। সাধারণ কিছু একটা দেব।মুক্তা রেগে গিয়ে বলল——ইয়ার্কি মারছিস মনে হয়!—না রে সই, সত্যিই বলছি। তুই কী দিবি?—তুই যা দিবি, আমিও তাই দেব।—ইটস ওকে।কিছুক্ষণ নীরব থাকার পর মুক্তা হঠাৎ বলল——পারু, একটা সত্যি কথা বলবি?—বল, কী বলবি?—নিলয় ভাইয়ার আর কোনো খবর পেয়েছিস?পারু দীর্ঘশ্বাস ফেলে বলল——না রে সই, পাইনি।মুক্তা ক্ষুব্ধ হয়ে বলল——শালা পুরুষ মানুষ! বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী! এত কঠিন একটা ওয়াদা কীভাবে ভঙ্গ করল? পুরুষ মানুষকে আর বিশ্বাস করা যায় না।পারু শান্তভাবে বলল——থাক সই, ওসব কথা।—থাক মানে? তোদের এতদিনের ভালোবাসা তাহলে মিথ্যে হয়ে গেল?পারু কিছুক্ষণ চুপ থেকে বলল——মিথ্যে হয়ে যাবে মানে? এখনো কি মনে হয়, আমাদের মধ্যে ভালোবাসা আছে?—তুই এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবি না?—প্রতিবাদ করে কী লাভ হবে?—কী করে বুঝলি যে লাভ হবে না?পারু ধীর কণ্ঠে বলল——সই, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। সবকিছুই তার ইচ্ছা। সে ইচ্ছে করলে আমাকে ভালোবাসবে, আবার ইচ্ছে করলে ডিলেট করে দেবে। আমি কী করতে পারি?মুক্তা বলল——সই, তুই কি সত্যিই পারবি তাকে ভুলে থাকতে?—চেষ্টা করব।—শোন, তোকে ভেঙে পড়লে চলবে না। এভাবে গুমরে গুমরে কষ্ট না পেয়ে একদিন তার সামনে গিয়ে দাঁড়া। সরাসরি জিজ্ঞেস কর—তোর হৃদয়ে ভালোবাসার ফুল ফুটিয়ে হঠাৎ তোকে প্রত্যাখ্যান করল কেন? কী ছিল তোর অপরাধ?মুক্তা আরও দৃঢ় কণ্ঠে বলল——তোর জায়গায় যদি আমি হতাম, তাহলে ভুলে থাকা কী জিনিস, তাকে বুঝিয়ে দিতাম।পারু মৃদু হেসে বলল——বলা যত সহজ, করা তত কঠিন। বাস্তবতা কত ভয়াবহ, সেটা কি একবারও ভেবে দেখেছিস?—এতে এত ভাবাভাবির কী আছে? তোর অধিকার তুই চাইবি।—তবুও অনেক ঝুঁকি আছে। তাছাড়া এটা পুরুষশাসিত সমাজ। এখানে অনেক সময় নারীর চেয়ে পুরুষের কথাই বেশি গুরুত্ব পায়।মুক্তা অবাক হয়ে বলল——বলিস কী! তাই বলে পুরুষের অন্যায়ের প্রতিবাদ করব না?—প্রতিবাদ করলেও সবসময় ফল পাওয়া যায় না। অনেক পুরুষ নিজেদের স্বার্থ, ভোগ-বিলাস আর ক্ষমতার দম্ভ নিয়ে ব্যস্ত থাকে। নারীর কথা উঠলেই উল্টো নারীরই দোষ খুঁজে বের করে।মুক্তা এবার উত্তেজিত হয়ে বলল——তাই বলে তাদের অন্যায় আর জুলুম মাথা পেতে মেনে নেব?—না মেনে উপায় থাকে না—এমন পরিস্থিতিও তো তৈরি হয়।—আমি এসব মানি না।—মানতেই হবে তোকে।—কেন?—কারণ এটা পুরুষশাসিত সমাজ। এখানে নারীর জন্য বিপদ চারদিকেই। পুরুষের প্রেম গ্রহণ করলেও দোষ, প্রত্যাখ্যান করলেও দোষ। ভালোবাসার সম্পর্ক তৈরি হলে কেউ কেউ সেই সম্পর্কের সুযোগ নিয়ে নোংরামিতে জড়িয়ে পড়ে। প্রয়োজন ফুরিয়ে গেলে নারীকে ছুড়ে ফেলে দেয়। আর প্রেম প্রত্যাখ্যান করলে শুরু হয় অন্য ধরনের নির্যাতন—ইভটিজিং, অপহরণ, ধর্ষণ, এসিড নিক্ষেপ—কত কিছুই তো ঘটে!মুক্তা কিছুক্ষণ চুপ করে রইল।পারু বলল——শুধু বাস্তব জীবনেই নয়, সমাজের নানা প্রচলিত ধারণাতেও নারীকেই দোষী বানানো হয়। কোথাও লেখা হয় নারী ছলনাময়ী, কোথাও বলা হয় নারী প্রতারক, বিশ্বাসঘাতক। আবার কোথাও নারীর স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করা হয়। তাহলে বল, মেয়েরা যাবে কোথায়?মুক্তা বিস্মিত হয়ে হেসে বলল——ও গড! পুরুষশাসিত সমাজ সম্পর্কে এত জ্ঞান কোথা থেকে অর্জন করলি?পারু মৃদু হেসে বলল——এসব জ্ঞান শুধু বই-পুস্তক পড়ে পাওয়া যায় না। বাস্তব জীবন থেকেও অনেক কিছু শিখতে হয়। আশপাশে চোখ মেলে তাকালেই এসব দৃশ্য দেখতে পাবি।মুক্তা মাথা নাড়িয়ে বলল——পারু, তুই ঠিকই বলেছিস। আমাদের পাশের বাড়ির চুন্নু ব্যাপারীর বউটার কথা মনে আছে? কোনো অপরাধ না করেও তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ শেষ পর্যন্ত বিচারেও তারই দোষ বের হলো!—এই তো। এটাই বাস্তবতা।—ওকে সই, বুঝলাম।পারু কিছুক্ষণ নীরব থেকে বলল——আমি ছোটবেলা থেকেই পুরুষদের এই একরোখা চাওয়া-পাওয়ার দৃশ্যগুলো দেখে আসছি। তাই নিলয় যখনই আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আমি বারবার বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে চেয়েছি।মুক্তা মনোযোগ দিয়ে শুনতে লাগল।—কিন্তু তার যুক্তি, তার কথাবার্তা, তার ব্যবহার—সবকিছু দেখে একসময় তাকে ভালো মানুষ বলে বিশ্বাস করে ফেলেছিলাম। ভাবলাম, সব পুরুষ তো আর খারাপ হতে পারে না। একবার বিশ্বাস করেই দেখি।পারু তিক্ত হেসে বলল——এখন দেখছি, সেও সেই খারাপ পুরুষদের কাতারেই চলে গেছে।মুক্তা বন্ধুর হাতটা চেপে ধরে বলল——থ্যাংকস পারু। তুই এভাবেই নিজের মতো করে ভাবতে থাক। আমার মন বলছে, একদিন তুই বেগম রোকেয়ার মতো নারী জাগরণের অগ্রদূত হতে পারবি।পারু মৃদু হেসে বলল——নারে সই, সে কপাল কি আমার হবে? বাদ দে এসব প্রসঙ্গ। বল তো, যোবেদার বিয়ের গিফট কখন কিনবি?মুক্তা হেসে বলল——তোকে জানাব।—ওকে সই।কথা বলতে বলতে কখন যে তাদের বাড়ির কাছে চলে এসেছে, দুজনের কেউই টের পেল না।একসময় নিজেদের বাড়ির সামনে এসে তারা থামল।তারপর দুজন দুদিকে চলে গেল।কিন্তু পারুর মনের ভেতর তখনও একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল—নিলয় কি সত্যিই তাকে ভুলে গেছে?নাকি এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য?চলবে...
0 Comments